ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট : ১১ জুন ২০২২, ১২:৩৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুন) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ ইউনিটে ১ হাজার ৩৩৬ আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৭৮ হাজার ২৯ জন। সেই হিসেবে আসনপ্রতি লড়ছেন ৫৮ জন।

এর আগে, গত শুক্রবার (৩ জুন) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট, শনিবার (৪ জুন) ‘খ’ ইউনিটের পরীক্ষা এবং সব শেষ ১০ জুন ‘ক’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধায় ঢাকাসহ মোট আটটি বিভাগীয় শহরে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকার বাইরের কেন্দ্রগুলো হলো— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), বরিশাল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর)।

ইত্তেফাক/এমআর