ফুটবলারদের চোখে বর্ষসেরা সালাহ

আপডেট : ১১ জুন ২০২২, ১৭:৫৫

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্যক্তিগত ভাবে মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন মোহাম্মদ সালাহ। সর্বোচ্চ ২৪ গোল করে গোল্ডেন বুট জিতেছেন লিভারপুল ফরোয়ার্ড। এবার পেশাদার ফুটবলার সংস্হার (পিএফএ) দেওয়া বর্ষসেরা সেরা পুরুষ ফুটবলারের পুরস্কারটাও উঠল তার হাতে। ফুটবলারদের চোখে বর্ষসেরা তরুণ ফুটবলার ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন।

এ নিয়ে দ্বিতীয় বার এই পুরস্কার উঠল সালাহর হাতে। তার আগে দুই বার করে এই পুরস্কার জিতেছেন মার্ক হিউজ, অ্যালান শিয়ারার, থিয়েরি অরি, গ্যারেথ বেল ও কেভিন ডি ব্রুইনা।

প্রথমবার ২০১৮ সালে ফুটবলারদের চোখে বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন সালাহ, ‘আমার ট্রফি ক্যাবিনেটে সবসময় ফাঁকা জায়গা রাখি এই ভেবে যে, ট্রফি আরও আসবে। এই পুরস্কার পাওয়া সত্যিই খুব আনন্দের, কারণ এখানে খেলোয়াড়রা ভোট দিয়েছে। এতে প্রমাণ হয় যে, আমি আসলেই কঠোর পরিশ্রম করেছি এবং যা করেছি তার প্রতিদান পেয়েছি।’

ইত্তেফাক/টিএ