সব ভালো কাজের সঙ্গে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান

আপডেট : ১১ জুন ২০২২, ১৩:৪৫

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সব ভালো কাজের সঙ্গে তরুণ প্রজন্মের আন্তরিক ও পরিপূর্ণ অংশগ্রহণই বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা রূপায়নের একমাত্র চাবিকাঠি।

তিনি বলেন, সব কাজের সঙ্গে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে এবং তাদের মেধার বিকাশে সর্বপ্রকার সুযোগ সুবিধা উন্মুক্ত করতে হবে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, গুণীজন সম্মাননা মানিকগঞ্জ সমিতির এক অনন্য উদ্যোগ। যে জাতি গুণী ব্যক্তিদের সম্মান প্রদর্শন করে তারা বিশ্বে উচ্চাসনে অধিষ্ঠিত হয়। মানিকগঞ্জ সমিতির প্রতিটি সদস্যদের দৃঢ় বন্ধন সবার জন্যই উদাহরণস্বরূপ। পরিবেশ সুরক্ষা, বনায়ন, বৃক্ষরোপণসহ সামাজিক সুরক্ষাজনিত কাজে এবং আর্তমানবতার সেবায় নারী-পুরুষ সবার সমান অংশগ্রহণে এই সমিতি সামনে অগ্রসর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্ব, দূরদর্শিতা, মেধা ও অক্লান্ত পরিশ্রমে  দেশের সব সেক্টরেই অভাবনীয় উন্নয়ন সুসম্পন্ন হয়েছে, চলমান রয়েছে ব্যাপক কর্মযজ্ঞ। তিনি বলেন, পদ্মা সেতুর সফলতা এ দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সোনালী অধ্যায়ের সূচনা করবে।

পুনর্মিলনী অনুষ্ঠানে মানিকগঞ্জ সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেন সাজু, সমিতির উপদেষ্টারা, আমন্ত্রিত অতিথিরাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাসস

ইত্তেফাক/এসজেড