ফুলবাড়ীতে দুই লিচুতে এক কেজি চাল

আপডেট : ১১ জুন ২০২২, ১৮:৩২

দিনাজপুরের ফুলবাড়ীতে চায়না থ্রি জাতের লিচু প্রতি পিস বিক্রি হচ্ছে ২৫ টাকা দরে। এতে দুটি লিচু কিনতে মানুষের পকেট থেকে এক কেজি চালের দাম চলে যাচ্ছে। অবিশ্বাস্য হলেও এটি এখন সত্য হয়ে দাঁড়িয়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের পক্ষে মৌসুমি ফল চায়না থ্রি লিচু কিনে খাওয়া একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। 

সরেজমিনে দেখা যায়, নিমতলা মোড়স্হ লিচু বাজারে বোম্বাই জাতের প্রতি ১০০ লিচু আকারভেদে ২ হাজার ৬০০-২ হাজার ৭০০ টাকা, চায়না থ্রি লিচু ২ হাজার ৩০০-২ হাজার ৫০০ টাকা এবং বেদানা জাতের লিচু ৮০০-১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে মাদ্রাজি লিচুর দাম এখনো অনেক কম। আকারভেদে ১০০ লিচু বিক্রি হচ্ছে ২৪০-২৬০ টাকা দরে। 

লিচু বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, চায়না থ্রি জাতের বড় আকারের ১০০ লিচু ২ হাজার ৫০০ টাকা দরে বেচাবিক্রি চলছে। এতে করে একেকটি লিচুর দাম পড়ছে ২৫ টাকা। আরেক বিক্রেতা মন্টু চন্দ্র রায় বলেন, চায়না-থ্রি লিচু বাগান থেকে ২ হাজার ২০০ টাকা শ’ দরে কিনতে হয়েছে। 

উপজেলার জয়নগর থেকে লিচু কিনতে আসা যোনাস হেম্ব্রম বলেন, এখানকার চায়না থ্রি লিচুর মিষ্টতা ও স্বাদ বেশি। তাই পরিবারের জন্য লিচু কিনতে এসেছিলাম। কিন্তু দাম শুনে মাদ্রাজি লিচু কিনে নিয়ে বাড়ি ফিরছি। 

উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার বলেন, উপজেলায় ৬৮ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। প্রতি হেক্টরে সাড়ে ৪ দশমিক ৭১ মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। 

ইত্তেফাক/এআই