সাভার পৌর এলাকার একটি জঙ্গল থেকে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জুন) দুপুরে পৌর এলাকার আনন্দপুর সিটিলেন মহল্লা থেকে লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে জঙ্গলে ময়লা ফেলতে গিয়ে এক নারী লাশটি দেখতে পান। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশটি উদ্ধার করে। এসময় প্লাস্টিকের তার দিয়ে লাশের হাত-পা বাঁধা ও গলা গামছা দিয়ে পেঁচানো অবস্থায় ছিল।
সাভার মডেল থানার পরিদর্শক (এসআই) রুবেল আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোর রাতে দুর্বৃত্তরা ওই যুবককে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি গুম করার উদ্দেশ্যে জঙ্গলে ফেলে গেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
