সেন্টমার্টিনে ভ্রমণ সীমিত করার সিদ্ধান্ত আত্মঘাতী: টোয়াব

আপডেট : ১১ জুন ২০২২, ২০:১৯

কক্সবাজারের সেন্টমার্টিনে ভ্রমণ সীমিত হোক সেটা চায় না ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। দেশে সমুদ্র ভ্রমণের সুযোগ সংকুচিত হলে পর্যটকরা বিদেশে ভ্রমণ করবে, এতে দেশের অর্থ বিদেশ চলে যাবে বলে মনে করেন সংগঠনের নেতারা। পর্যটক সীমিতকরণ আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলেও মন্তব্য করেন তারা।

সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের মাধ্যমে সেন্টমার্টিন দ্বীপকে আরও পরিবেশবান্ধব করার আহ্বান জানিয়ে টোয়াব নেতারা।

শনিবার (১১ জুন) সকালে রাজধানীর ঢাকা ক্লাবে 'পর্যটক বাঁচান, সেন্ট মার্টিন বাঁচান' শিরোনামে এক সংবাদ সম্মেলনে টোয়াব নেতারা এ সব কথা বলেন।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন টোয়াবের সদ্য বিদায়ী সভাপতি ও বাংলাদেশে ট্যুরিজম বোর্ডের গভর্নিং বডির সদস্য মো. রাফেউজ্জামান। হোটেল অনার্স অ্যাসোসিয়েশন অব সেন্টমার্টিন্স (হোস্ট) এর সাধারণ সম্পাদক আবু জাফর পাটোয়ারী, সি ক্রুজ অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব) সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর, টোয়াবের সহসভাপতি মো. সাহেদ উল্লাহ্, টোয়াবের পরিচালকবৃন্দ, টোয়াবের সদস্যবৃন্দ, ট্যুরিজম স্টেকহোল্ডার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টোয়াবের সভাপতি শিবলুল আজম কোরেশী।

 

ইত্তেফাক/ইউবি