দুই দিনেও শৈলকুপায় খালের ভাঙা পাড় মেরামত হয়নি

আপডেট : ১১ জুন ২০২২, ২০:২৯

দুই দিন পেরিয়ে গেলেও মেরামত করা হয়নি ঝিনাইদহের শৈলকুপায় জিকে সেচ প্রকল্পের ভেঙে যাওয়া প্রধান সেচ খাল। এতে বন্ধ রয়েছে কুষ্টিয়া-লাঙ্গলবাঁধ সড়কের যান চলাচল। খালের পানি লোকালয়ে প্রবেশ করায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে জিকে সেচ প্রধান খালের কাতলাগাড়ী এলাকায় বাঁ পাশের পাড়ের প্রায় ৫০ ফুট ভেঙে যায়। ভেঙে যাওয়া অংশ দিয়ে খালের পানি চর বাখরবা গ্রামে প্রবেশ করে। এতে শতাধিক বাড়িঘর ও কয়েক শ বিঘা ফসলি জমি প্লাবিত হয়। এতে দুর্ভোগে পড়েছে ঐ এলাকার বাসিন্দারা। এদিকে খাল ভেঙে যাওয়ায় বন্ধ হয়ে গেছে লাঙ্গলবাঁধ-কুষ্টিয়া সড়কে যান চলাচল।

স্থানীয়দের অভিযোগ, দুই দিন পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। দ্রুত ভাঙন মেরামতের দাবি স্থানীয়দের।

সরেজমিনে গতকাল শুক্রবারও খালের পানি মাঠে ঢুকতে দেখা যায়। নিচু এলাকার পাট, আউশ ধান ও সবজির খেত জলমগ্ন রয়েছে। 

এ বিষয়ে শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন বলেন, খালের পাড় ভেঙে প্লাবিত হয়েছে চর বাখরবা গ্রামের বাড়ি ও ফসলি জমি। এর আগেও খালের পাড় ভেঙে ক্ষয়ক্ষতি হয়েছে গ্রামবাসীর। দ্রুত ভাঙন স্থান মেরামত না করা হলে দুর্ভোগ বাড়বে। 

ইত্তেফাক/এআই