আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর খুনে বাংলার মাটি এখনও রক্তাক্ত হয়ে আছে। শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার অভিমুখে উন্নয়নের পতাকা হাতে দাঁড়িয়েছে। যারা বঙ্গবন্ধুকে হত্যা করে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিল, তারাই আজ নিজেরাই ইতিহাস থেকে মুছে যাচ্ছে।
শনিবার (১১ জুন) দুপুরে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ভোলা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ কখনই কারও বিরুদ্ধে ষড়যন্ত্র করেনি, কিন্তু বার বার ষড়যন্ত্রের শিকার হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে সৃষ্টির পতাকা উড়িয়েছে, এটাই বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আজ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। সেই দিন বঙ্গবন্ধু কন্যা শেষ হাসিনা দেশে ফিরে এসেছেন বলেই অবরুদ্ধ গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছিলো। শেখ হাসিনার হাত ধরেই আজ এগিয়ে যাওয়ার নাম হয়েছে বাংলাদেশ। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে।
সম্মেলনে ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দলের উপদেষ্টা, সাবেক বাণিজ্যমন্ত্রী ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ এমপি, প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাসিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম রাব্বানী, আনিসুর রহমান, ভোলা-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-২ আসনের এমপি আলী আজম।
ত্রি-বার্ষিক সম্মেলনে ফজলুল কাদের মজনু মোল্লাকে সভাপতি, আবদুল মমিন টুলুকে সিনিয়র সহ-সভাপতি এবং মাইনুল হোসেন বিপ্লবকে সাধারণ সম্পাদক করে ভোলা জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।

শেখ হাসিনার কারামুক্তি গণতন্ত্রেরই মুক্তি: তথ্যমন্ত্রী