রৌমারীতে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে মানুষ

আপডেট : ১২ জুন ২০২২, ০৫:০১

পাহাড়ি ঢলে রৌমারী উপজেলার রৌমারী সদর, যাদুরচর ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝাউবাড়ি, লাঠিয়ালডাঙ্গা, চুলিয়ারচর, বারবান্দা, পূর্ব ইজলামারী, ভুন্দুরচর, চান্দারচর, নওদাপাড়া, ব্যাপারীপাড়া, বোল্লাপাড়া, খাটিয়ামারী, মোল্লারচর, বেহুলারচর, খেতারচর, বড়াইবাড়ী, রতনপুরসহ কয়েকটি গ্রাম পানিবন্দি হয়ে আছে। 

অন্যদিকে চর নতুনবন্দর স্থলবন্দরটিও বন্যার পানিতে তলিয়ে গেছে। ফলে আমদানি ও রপ্তানি বন্ধ রয়েছে। গত কয়েক দিন থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল মানকারচর কালো নদী দিয়ে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা জিঞ্জিরাম নদী দিয়ে নেমে আসে। বন্যার পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় জিঞ্জিরাম নদী উপচে গিয়ে ঐসব নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে পানিবন্দি হয়ে পড়ে কয়েকটি গ্রাম। ফলে ঐ এলাকার মানুষ ঝুঁকি নিয়ে নৌকা বা ভেলা দিয়ে বিভিন্ন এলাকায় পারাপার হচ্ছেন।

রৌমারী সদর ইউপি সদস্য শফিকুল ইসলাম শফিক বলেন, কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে আমার এলাকার চর নতুনবন্দর, চান্দারচর ও নওদাপাড়াসহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ঐ এলাকার মানুষ বর্তমানে নৌকা দিয়ে পারাপার হচ্ছে। রৌমারী সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, কয়েক দিনের টানা বর্ষণে আমার ইউনিয়নের কয়েকটি গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে। আরো কয়েক দিন এ অবস্থা থাকলে পরিস্থিতি খারাপের দিকে যাবে। উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী জানান, কয়েক দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। এতে পাট, আউশ ধান, শাকসবজি ও তিলের খেত তলিয়ে গেছে।

ইত্তেফাক/ ইআ