আধিপাত্য বিস্তারের দ্বন্দ্বে বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নে জনসংহতি সমিতি (জেএসএস) এবং মগ লিবারেশন পার্টির (এমএলপি) মধ্যে গোলাগুলি হয়েছে। এ ঘটনায় জেএসএসের তিন সদস্য আহত হয়েছেন। এমএলপি ধরে নিয়ে গেছে জেএসএসের দুই কর্মীকে। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রা জানায়, জেএসএসের দুই কর্মীকে অস্ত্রের মুখে গাড়িতে তুলে নিয়েছে প্রতিপক্ষ। এরা হলেন খোকন তঞ্চঙ্গ্যা ও জীবন তঞ্চঙ্গ্যা। অপহৃত একজন দিনমজুর, অপরজন দোকানদার। এলাকাটি জেলা সদর থেকে ১৯ কিলোমিটার দূরে।
পাড়ার লোকজন জানান, ধার্যকৃত চাঁদা না দেওয়ায় দুই ঠিকাদারের উন্নয়নকাজও বন্ধ করে দেওয়া হয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিরাপত্তাব্যবস্হা জোরদার করা হয়েছে ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে। রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্যঅংপ্র‚ মারমা জানান, অপহরণের ঘটনা সত্য। তবে অস্ত্রধারীদের পরিচয় জানা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, গোলাগুলির খবর পাওয়া গেছে । তবে গতকাল শনিবার বিকাল পর্যন্ত এ বিষয়ে কেউই অভিযোগ করেনি। তার পরও বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ধার অভিযান চলছে।
