আগের সপ্তাহের মতো বিদায়ি সপ্তাহেও উত্থান হয়েছে শেয়ারবাজারে। সপ্তাহটিতে শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেন এবং অধিকাংশ সিকিউরিটিজের শেয়ার দর বেড়েছে। সপ্তাহটিতে বাজার মূলধন আড়াই হাজার কোটি টাকা ফিরেছে শেয়ারবাজারে।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ২০ হাজার ২৭৭ কোটি ২০ লাখ ৫৯ হাজার ৬২৮ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ২২ হাজার ৮৮১ কোটি ৮২ লাখ ৫৫ হাজার ৯৮৬ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ২ হাজার ৬০৪ কোটি ৬১ লাখ ৯৬ হাজার ৩৫৮ টাকা বেড়েছে।
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ হাজার ৩৪১ কোটি ৯১ লাখ ৩৬ হাজার ৮৮০ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৯২৬ কোটি ১২ লাখ ৪৬ হাজার ৯৪১ টাকার। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৪১৫ কোটি ৭৮ লাখ ৮৯ হাজার ৯৩৯ টাকা বা ১১ শতাংশ বেড়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১২৯ কোটি ৬১ লাখ ১৩ হাজার ১৪২ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১৫ কোটি ৮২ লাখ ৮৩ হাজার ১৬৫ টাকার। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১৩ কোটি ৭৮ লাখ ২৯ হাজার ৯৭৭ টাকা বা ১২ শতাংশ বেড়েছে।
