বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের খেলা এখনো শেষ হয়নি। তার আগেই শিরোপা নিশ্চিত করেছে নতুন দল ফর্টিজ ফুটবল ক্লাব একাডেমি। গতকাল নিজেদের শেষ খেলায় নোফেল স্পোর্টিংয়ের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়ায় শিরোপা নিশ্চিত হয় এবং এই দলটি আগামী মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে পারবে, শর্ত পূরণ সাপেক্ষে। ফর্টিজ ফুটবল একাডেমি ২২ খেলায় (১৩ জয়, ১ হার, ৮ ড্র) ৪৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
নোফেল-ফর্টিজের ম্যাচ ড্র হওয়ায় আরো একটি দল প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়ে যাচ্ছে এক ম্যাচ হাতে রেখে। ২১ খেলায় ৩৯ পয়েন্ট নিয়ে উত্তরার আজমপুর ফুটবল ক্লাব দ্বিতীয় স্থানে রয়েছে। শেষ ম্যাচ হেরে গেলেও তারা রানার্স-আপ হবে, কারণ ২২ খেলায় নোফেলের (১০ জয়, চার হার, আট ড্র) পয়েন্ট ৩৮। ১২ দলের মধ্যে বাকি আট দলের একটি করে খেলা থাকলেও ৩৯ পয়েন্ট ছাড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
তবে আজমপুর ফুটবল ক্লাবের বিপক্ষে পাতানো ম্যাচ খেলার অভিযোগ তদন্তাধীন। অভিযোগ প্রমাণ হয়ে গেলে শাস্তি পেতে হবে। তাতে বড় মঞ্চে খেলার সুযোগ থাকবে না। আজমপুর শাস্তি পেলে কপাল খুলতে পারে তৃতীয় স্হানে থাকা নোফেল স্পোর্টিং ক্লাবের।
