নোয়াখালীতে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

আপডেট : ১২ জুন ২০২২, ১৪:৪০

নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের সোনাদিয়া গ্রামে পরকীয়ায় জড়িত থাকার সন্দেহে স্ত্রী রুপালী বেগমকে (২০) জবাই করে হত্যার অভিযোগ ওঠেছে তার স্বামী ইউসুফ নবী রুবেলের (২৬) বিরুদ্ধে। শনিবার (১১ জুন) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত রুবেল ওই গ্রামের মৃত সিরাজুল ইসলাম মিয়ার ছেলে এবং নিহত রুপালী বেগম কবিরহাট পৌরসভার ফতেজঙ্গপুর সিরাজ মিয়ার মেয়ে।

এ ঘটনায় আজ রবিবার (১২ জুন) দুপুরে নিহত রুপালীর বাবা সিরাজ মিয়া বাদী হয়ে ইউসুফকে একমাত্র আসামি করে কবিরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কবিরহাট থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত তিন মাস আগে রুপালী বেগমের সঙ্গে রাজমিস্ত্রী ইউসুফ নবী রুবেলের বিয়ে হয়। বিয়ের পর থেকে ইউসুফ নবী রুবেল তার স্ত্রীকে পরকীয়ায় জড়িত থাকার সন্দেহ করে কয়েক দিন আগেও মারধর করেন। এঘটনার পর রুপালী তার বাবার বাড়িতে চলে যান। পরে ইউসুফ ক্ষমা চেয়ে রুপালীকে তার বাড়িতে নিয়ে আসেন।’

ওসি আরও বলেন, ‘ঘটনার রাতে একই বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া বাধলে মধ্য রাতে গায়ের ওড়না দিয়ে হাত-পা বেঁধে ছুরি দিয়ে রুপালীকে জবাই করে হত্যা করেন ইউসুফ নবী। এসময় ইউসুফ নবীর বৃদ্ধা মায়ের চিৎকারে বাড়ির লোকজন এসে তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ইউসুফ নবীকে গ্রেফতার করে এবং লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।’

ওসি জানান, পরকীয়ায় জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ইউসুফ নবীর বড় ভাই রফিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ইত্তেফাক/মাহি