ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর ভালো ফলন

আপডেট : ১২ জুন ২০২২, ১৬:৫০

আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর ভালো ফলন হয়েছে। গত ১৫ দিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার বাজারগুলোতে পুরোদমে বিক্রি হচ্ছে এই লিচু। দাম হাতের নাগালে থাকায় খুশি বাগান মালিক ও ক্রেতারা।

ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ৫৪৫ হেক্টর জমিতে লিচুর আবাদ করা হয়েছে। এর মধ্যে বিজয়নগর উপজেলায় ৪১৪ হেক্টর, আখাউড়ায় ৭৫, কসবায় ৩৫, নবীনগরে ১৪, নাসিরনগরে ৩, সদর উপজেলায় ১, সরাইলে ১, বাঞ্ছারামপুরে ১ হেক্টর ও আশুগঞ্জে ১ হেক্টর জমিতে লিচুর আবাদ করা হয়। এসব বাগানে দেশি লিচু, এলাচি লিচু, চায়না লিচু, পাটনাই লিচু ও বোম্বাই লিচু চাষ করা হয়।

বিষ্ণুপুর গ্রামের বাগান মালিক মাসুদ মিয়া বলেন, তার বাগানে এবার যে লিচু ধরেছে তাতে প্রায় ৮ লাখ টাকা বিক্রি করতে পারবেন। 

আখাউড়া সড়ক বাজার এলাকার লিচু বিক্রেতা মোবারক মিয়া বলেন, আমরা বাগান থেকে প্রতি হাজার লিচু ২ হাজার ৩০০ টাকায় কিনে আখাউড়ায় নিয়ে ২ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করছি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সুশান্ত সাহা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও আবহাওয়া লিচু চাষের জন্য উপযোগী। চলতি মৌসুমে জেলায় কমপক্ষে ২ হাজার ৭৫০ মেট্রিক টন লিচুর ফলন হবে। 

ইত্তেফাক/এআই