পটুয়াখালী জেলার সমুদ্রসৈকতে দেখা গেছে বিরল প্রজাতির একটি সাপ। যার নাম ‘ইয়োলো-বিল্ড সি স্নেক’। কুয়াকাটা ট্যুরিজম পার্কের সামনে পূর্বপাশে সৈকতে বুধবার (৮ জুন) সকালে প্রথমে জেলেরা এই সাপটিকে দেখতে পায়। পরে স্থানীয় ও টু্যর অ্যান্ড গাইড অ্যাসোসিয়েশনের লোকজন জীবিত অবস্থায় সাপটি উদ্ধার করে সাগরে অবমুক্ত করে।
কুয়াকাটা টু্যর অ্যান্ড গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু জানান, বুধবার সকালে ট্যুরিজম পার্কের সামনে সৈকতে বিচিত্র রঙের এই সাপটি প্রথমে জেলেরা দেখতে পেয়ে আমাকে খবর দেয়। সাপটির দেহের ওপরের অংশ কালো এবং পেটের দিকটা গাঢ় হলুদ। এই ধরনের সাপ এর আগে এখানে কখনো দেখা যায়নি। এ অবস্থায় সাপটি যাতে সাগরে অবমুক্ত হতে পারে আমরা সেই ব্যবস্থা করলে সাপটি আবার সাগরে চলে যায়।
এ ব্যাপারে উপকূলীয় এলাকায় জীববৈচিত্র্য সম্পর্কিত গবেষণা কার্যক্রমে জড়িত ওয়ার্ল্ড ফিসের ইকোফিস-২ প্রকল্পের পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সাপটি বিরল প্রজাতির। নাম ‘ইয়োলো-বিল্ড সি স্নেক’। এটি সাগরে বাসকারী তীব্র বিষধর সাপ। বিশ্বে যত বিষধর সাপ রয়েছে তার মধ্যে চতুর্থতম। এর আগে গত বছর কক্সবাজার সৈকত এলাকায় এই ধরনের একটি সাপ দেখা গেছে।
