ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে কোভিডজনিত অসুস্থতার চিকিৎসার জন্য রবিবার (১২ জুন) শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কংগ্রেস মহাসচিব ও প্রধান মুখপাত্র রনদীপ সুর্যেওয়ালা বলেন, ‘কংগ্রেস সভানেত্রী শ্রীমতি সোনিয়া গান্ধীকে কোভিডজনিত অসুস্থতার চিকিৎসার জন্য আজ গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
সুর্যেওয়ালা টুইট বার্তায় আরও বলেন, ‘তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং পর্যবেক্ষণের জন্য তাকে আরও কয়েকদিন হাসপাতালে রাখা হবে। আমরা সভানেত্রীর জন্য উদ্বেগ ও শুভ কামনা জানানোয় কংগ্রেসের সকল সদস্য ও সদস্যা এবং শুভাকাক্সক্ষীদের ধন্যবাদ জানাচ্ছি।’
এদিকে সোনিয়ায় অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি কংগ্রেস নেত্রীর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেন।
এক টুইট বার্তায় মমতা লেখেন, মাত্র জানলাম করোনার কারণে কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা সকলে তার দ্রুত আরোগ্য লাভের প্রাথর্না করছি।
এর আগে, সোনিয়া গান্ধী রুটিন চেকআপের জন্য এই হাসপাতালে যান এবং চিকিৎসকগণ তার স্বাস্থ্য পরীক্ষা করেন। গত ২ জুন সোনিয়ার (৭৫) স্বাস্থ্য পরীক্ষায় কোভিড-১৯ ধরা পড়ে।
