খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গাজী জাকির হোসেন সন্ত্রাসী হামলায় গুরুতর জখম হয়েছেন। রবিবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিঘলিয়া উপজেলার বোয়ালিয়ারচরে এ হামলার ঘটনা ঘটে। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেনকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। তাকে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন মোটরসাইকেলে আড়ুয়া থেকে বারাকপুর ফেরার পথে বোয়ালিয়ারচরে পৌঁছালে ৮/১০ সন্ত্রাসী তার গতিরোধ করে। এ সময় তারা গাজী জাকির হোসেনকে লোহার রড ও জিআই পাইপ দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে পার্শ্ববর্তী খালে ফেলে দিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় সূত্রমতে, শেখ আনছার আলীর সঙ্গে ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেনের বিরোধ দীর্ঘদিনের। এ বিরোধের কারণে গত ২ বছরে বারাকপুর ইউনিয়নে দু’পক্ষের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
