গাজীপুরের কালিয়াকৈরে আসমা আক্তার নামে এক নারী শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে নির্যাতন করেছেন তার সহকর্মীরা। শনিবার ভোরে উপজেলার সফিপুরস্হ দোকানপাড় এলাকায় সাহাবুদ্দিন টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে। ঐ নারীকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার আসমার বাড়ি উপজেলার রতনপুর এলাকায়।
জানা যায়, আসমা উপজেলার সফিপুরস্হ সাহাবুদ্দিন টেক্সটাইল কারখানায় কাজ করেন। শুক্রবার রাতে তিনি ঐ কারখানায় ডিউটি করতে যান। শনিবার ভোরে অফিসের ফ্লোর পরিষ্কার করা নিয়ে কারখানার তিন নারী ও এক পুরুষ সহকর্মীর সঙ্গে আসমার বাদানুবাদ শুরু হয়। এক পর্যায়ে সহকর্মীরা শক্তিশালী ব্লোয়ার মেশিন আসমার পায়ুপথে ঢুকিয়ে প্রচণ্ড গতিতে বাতাস ছেড়ে দেয়। এ সময় তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে স্থানীয় একটি হাসপাতালে রেখে পালিয়ে যান।
খবর পেয়ে আসমার স্বজনরা ঐ হাসপাতাল থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থা আরো খারাপ হলে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যান।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুল আমিনের মোবাইল ফোনে বারবার কল করলেও তিনি রিসিভ করেননি। কালিয়াকৈর থানার ওসি মো. আকবর আলী বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গাজীপুর শিল্প পুলিশের ওসি মো. মোকাদ্দেম আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, অসুস্থ আসমা ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন আছেন। ঘটনার তদন্ত চলছে।
