এশিয়ান কাপ বাছাই গ্রুপ পর্ব

ভাবনায় এখন শক্তিশালী মালয়েশিয়া

আপডেট : ১৩ জুন ২০২২, ১৯:০২

এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে গ্রুপ পর্বের খেলায় তুর্কমিনিস্তানের বিপক্ষে ২-১ গোলে হারলেও বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা খুশি। পারফরম্যান্স যথেষ্ট ভালো মনে করছেন। গোল পায়নি সেটা ভিন্ন ব্যাপার। গোল হজম করে ক্যামব্যাক করেছিল বাংলার ফুটবলাররা। সেটা সবাই দেখেছেন। কোচ তার আত্মবিশ্বাস রাখছেন খেলোয়াড়দের ওপর। যারা বাংলাদেশের ফুটবল ভালোবাসেন তাদের প্রতি হ্যাভিয়ারের অনুরোধ ভালো দিকগুলো খুঁজে বের করুন। শুধু হারের কথাটাই মাথায় রাখবেন না।

তুর্কমিনিস্তানের বিপক্ষে গোলের সুযোগ ছিল কিন্তু ভালো মানের স্ট্রাইকার ছিল না দলে। সাজ্জাদ নামের স্ট্রাইকার ছিলেন মাঠে। কিন্তু তিনিই বা কতটা করতে পারবেন। মাথায় আনতে চাইছেন না এসব বিষয়। নাবিব নেওয়াজ জীবন সময়মতো ক্যাম্পে যোগ দিতে না পারায় তাকে আর দলে নেননি কোচ। একজন ভালো মানের স্ট্রাইকার থাকলে তুর্কমিনিস্তানের বিপক্ষে জয়ের সুযোগ নিতে পারত বাংলাদেশ।

গতকাল রাতে গ্রুপের অন্য খেলায় বাহারাইন ২-১ গোলে মালয়েশিয়াকে হারিয়ে হিসাব বদলে দিয়েছে। এখনো সেরা রানার্সআপ হওয়ার সম্ভাবনা দেখছে বাংলাদেশ। আগামীকাল গ্রুপের শেষ ম্যাচে মালয়েশিয়াকে বড় ব্যবধানে হরাতে হবে। তুর্কমিনিস্তানকে হারতে হবে। অন্যান্য গ্রুপের চিত্র বদল হলে বাংলাদেশ যদি রানার্সআপ হয় তাহলে সব হিসাব মিলিয়ে বাংলাদেশের সামনে সেরা রানার্সআপ হওয়ার ক্ষীণ সুযোগ এলেও আসতে পারে। সেই হিসাব অনেক দূর| এসব নিয়ে ভাবছেন না কোচ। ফিফার র‌্যাংকিংয়ে মালয়েশিয়া ১৫৪ নম্বরে এবং বাংলাদেশ রয়েছে ১৮৮ নম্বরে।

তার সামনে এখন মালয়েশিয়া ভাবনা। নিজেদের প্রস্ত্তত করছেন। গতকাল কুয়ালালামপুরে ফুটবলাররা সুইমিং, জিম এবং আইস বাথ করে দিন কাটিয়েছে। রিল্যাক্সড মুডে সময় কাটিয়েছে। খেলোয়াড়দের শরীরে যেন ক্লান্তির ছাপ না পড়ে সে কারণে এসব প্রক্রিয়া।

মালয়েশিয়ার বিপক্ষে বড় ম্যাচ খেলতে হবে। ২০১৫ শেষবার মালয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে কোনো গোল হয়নি। মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয়টি এসেছে ১৯৮২ সালে এশিয়ান গেমস ফুটবলে। ১৯৭৫ সালে মারদেকা কাপ ফুটবলে প্রথম বার বাংলাদেশ ও মালয়েশিয়া মুখোমুখি হয়েছিল।

গ্রুপ পর্বের প্রথম খেলায় বাংলাদেশ ০-২ গোলে হেরেছিল বাহারাইনের বিপক্ষে। দ্বিতীয় খেলায় তুর্কমিনিস্তানের বিপক্ষে ২-১ গোলে হারল। আগামীকাল মঙ্গলবার শেষ ম্যাচ। বিশ্বনাথ, রিমন, ইব্রাহিম, বিপলু, জামাল ভুঁইয়া, ইয়াসিন আরাফাত, সুফিলরা কি পারবেন ৩৪ ধাপ ওপরে থাকা মালয়েশিয়াকে হারাতে।

এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার জন ৬ গ্রুপে ২৪ দেশ লড়াই করছে। বাংলাদেশ খেলছে ‘ই’ গ্রুপে। গ্রুপ চ্যাম্পিয়ন চূড়ান্ত পর্বে খেলবে, সঙ্গে যাবে গ্রুপ পর্বের সেরা চার রানার্সআপ দেশ। চার দেশের মধ্যে বাংলাদেশ ৪ নম্বরে রয়েছে।

ইত্তেফাক/টিএ