একের পর এক অপ্রচলিত ফসল উত্পাদন করে সফলতা পাচ্ছেন কিশোরগঞ্জ উপজেলার মাস্টারপাড়া এলাকার কৃষক শাহজাহান মিয়া। বতমানে মেক্সিকোর চিয়া ও পেরিলা চাষে সাফল্যের পর এখন তিনি উদ্যোগ নিয়েছেন ব্যাপকহারে কিনোয়ার চাষ করার। সে সঙ্গে বর্তমানে বাগানে কমলা, বিষমুক্ত বেগুনসহ অন্যান্য ফসল চাষ করছেন।
এর আগে উপজেলায় সমতল জমিতে চা, কফি ও আগর চাষে সফলতা দেখিয়েছেন তিনি। কৃষক শাহজাহান জানান, মেক্সিকোর বাউচিয়ার বীজ দিনাজপুরের এক জনের কাছ থেকে সংগ্রহ করে তিনি জমিতে লাগান। এতে তার খরচ হয়েছে ৩ হাজার টাকা। ২০ শতক জমিতে ফলন হয়েছে প্রায় ৪৫ কেজি চিয়া। প্রতি কেজি ৮০০ টাকা হিসাবে ৩৬ হাজার টাকার মতো বিক্রি করেন।
কিশোরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান জানান, কৃষক শাহজাহান আন্তরিকতার কোনো অভাব নেই। নিত্য নতুন আবাদে আগ্রহী তিনি। সার্বক্ষণিক কৃষি বিভাগের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। তিনি পর পর দুই বছর নীলফামারী জেলার শ্রেষ্ঠ চাষি নির্বাচিত হয়েছেন।
নীলফামারী কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আবু বকর ছিদ্দিক জানান, কৃষক শাহজাহান মিয়ার প্রতিটি কার্যক্রম আমি নিজে পরিদর্শন করেছি। তিনি জেলার একজন অগ্রগামী কৃষক। তার নাম জাতীয় পর্যায়ে পাঠানোর চিন্তাভাবনা করছি আমরা।
