কমিউনিটি ক্লিনিকে ঢুকে স্বাস্থ্য সহকারীকে কুপিয়ে জখম 

আপডেট : ১৩ জুন ২০২২, ১৮:০০

সাতক্ষীরার তালায় কমিউনিটি ক্লিনিকে ঢুকে স্বাস্থ্য সহকারীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৩ জুন) সকালে তালার সরুলিয়া ইউনিয়নের যুগিপুকুর কমিউনিটি ক্লিনিকে এই ঘটনা ঘটে।

ওই স্বাস্থ্য সহকারীর নাম মো. কামরুল ইসলাম (৩৮)। তিনি তালা সদরের সাবেক ইউপি চেয়ারম্যান মাঝিয়াড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় বিল্লাল হোসেন (৩৪) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক বিল্লাল যুগিপুকুর গ্রামের আনোয়ার উদ্দীন সানার ছেলে। 

স্থানীয়রা জানায়, যুগিপুকুর কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন সকালে ডিউটি করতে আসতেন স্বাস্থ্য পরিদর্শক কামরুল ইসলাম। সেই সুবাদে একই এলাকার যুবক বিল্লাল প্রায় ক্লিনিকে এসে বিভিন্ন রকম ওষুধ নিয়ে যেতেন। সোমবার সকালে পুনরায় ওষুধ চাইলে ওই স্বাস্থ্য পরিদর্শক দিতে না পারায় সেখানে বাধে বিপত্তি। এক পর্যায়ে সে ধারালো দা দিয়ে স্বাস্থ্য পরিদর্শকের মাথায় কোপ দেন। পরবর্তীতে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

তালা হেলথ অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন জানান, যুগিপুকুরিয়া কমিউনিটি ক্লিনিকে দায়িত্বরত সিএইচসিপি হিসেবে ছিলেন সুবর্না বিশ্বাস। তিনি মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। তার পরিবর্তে স্বাস্থ্য সহকারী কামরুল ইসলাম সেখানে দায়িত্ব পালন করছিলেন। সকাল ১০টার দিকে স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেনের নেতৃত্বে ৪-৫ জন অতর্কিতভাবে ক্লিনিকে হামলা চালায়। ক্লিনিক ভাংচুর ও ওষুধপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় কামরুল ইসলাম বাধা দিলে তাকে ধারালো রামদা দিয়ে মাথায়, হাতে ও বুকে আঘাত করে। তাকে গুরুতর মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য সহকারী নাজমুল হুদা জানান, ইতোপূর্বে বিল্লাল হোসেন নামের ছেলেটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি সুবর্না বিশ্বাসকে নানাভাবে উত্যক্ত করে আসছিলেন। বিভিন্ন সময় ক্লিনিক ভাঙচুর করতে উদ্যত হতো। এসব নিয়ে পৃথক সময়ে দু’টি সাধারণ ডায়েরিও করেছেন সুবর্না বিশ্বাস। আজও সে একজনকে কুপিয়েছে। সেখানকার স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তাহীনতায় পড়ছে বলে জানান তিনি।

পাটকেলঘাটা থানার উপপরিদর্শক (এসআই) মেহোদী হাসান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, সকালে বিল্লাল ওই ক্লিনিকে গিয়ে স্বাস্থ্য পরিদর্শকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সে দা দিয়ে মাথায় আঘাত করে জখম করে বলে স্বীকার করেছেন। আহত ওই স্বাস্থ্যকর্মীকে এলাকাবাসীর সহায়তায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, এ ঘটনায় বিল্লাল হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এএএম