মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বুকিত জলিল স্টেডিয়ামে এশিয়ান কাপ ফুটবল গ্রুপ পর্বে আজ শেষ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ এবং মালয়েশিয়া। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় খেলা শুরু হবে। এই মাঠে ৭০ হাজার দর্শক আসবে এমনটা ভাবছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা। তাদের বিপক্ষে লড়াই করাটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
গতকাল কুয়ালালামপুরে সংবাদ সম্মেলনে রাখঢাক না করে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের বললেন,‘স্বাগতিক (মালয়েশিয়া) দলের বিপক্ষে ম্যাচ, কঠিন একটা চ্যালেঞ্জ। আমাদের জন্য ৭০ হাজার দর্শকের সামনে খেলতে পারাটা শুধু অতিরিক্ত অনুপ্রেরণাই নয়, অনেক ফুটবলারের জন্য এটা স্বপ্নের মতো। এত দর্শকের সামনে, এমন একটা পরিবেশ, এমন একটা দলের বিপক্ষে খেলা যারা বড় কিছুর প্রত্যাশায় লড়ছে। আমাদের জন্য এটাই সঠিক সময়, দেখাতে হবে আমরা যে কারো বিপক্ষে লড়তে পারি। ইন্দোনেশিয়াসহ শেষ তিন ম্যাচে আমরা যে পারফরম্যান্স করেছি সেটা ধরে রাখতে হবে।’
স্বাগতিকদের বিরুদ্ধে খেলা। মালয়েশিয়ায় চাইছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠতে। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বললেন,‘আমাদের ওপর কোনো চাপ নেই। সব চাপ মালয়েশিয়ার ওপর। তারা তাদের ঘরের মাঠে খেলবে, র্যাংকিংয়েও এগিয়ে, এশিয়ান কাপে খেলার সুযোগ তাদের সামনে। আবারও বলছি আমাদের সামনে দারুণ সুযোগ নিজেদের তুলে ধরার, এটাই সঠিক সময় দেখানোর যে, আমরাও লড়তে পারি। আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে লড়তে চাই। তবে একটা জিনিস বলতে চাই আমাদের সত্যি ভালো একটা ফল প্রাপ্য। আমাদের সমর্থকদের ভালো একটা ফল উপহার দিতে চাই। ভালো একটা ফল নিয়ে দেশে ফিরতে চাই, দেশকে কিছু একটা উপহার দিতে চাই। আমরা আমাদের সুযোগের ওপর ভরসা রাখতে চাই। আজ আমরা আমাদের সেরাটাই উপহার দেব।’
তাহলে কি আজ মালয়েশিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ? কোচ বললেন,‘আমরা সব সময়ই জিততে চাই। সব সময়ই এটা আমাদের লক্ষ্য। কিন্তু জিততে হলে খেলায় আমাদের ধারাবাহিক হতে হবে। প্রতিটা পজিশনে ধারাবাহিক হতে হবে। মালয়েশিয়া তাদের সর্বস্ব দিয়ে লড়বে। একটা কথা বলতে মনে রাখবেন আজ মালয়েশিয়া ম্যাচ শুরু প্রথম সেকেন্ড থেকেই আমাদের ওপর ঝাঁপাবে। ওরা চাইবে প্রথম ১০ মিনিটেই আমাদেরকে গুঁড়িয়ে দেবে। আমাদের মনোযোগ ধরে রাখতে হবে, মালয়েশিয়াকে ঠেকিয়ে রেখে তাদের ভুলের সুযোগ কাজে লাগাতে হবে এবং গোল মিস করা যাবে না। গোল করতে হবে।’
মালয়েশিয়ার সব হিসাব নির্ভর করছে আজকে দিনের প্রথম ম্যাচে। বাহারাইন যদি তুর্কমিনিস্তানকে হারায় তাহলে মালয়েশিয়াকে রানার্সআপ হওয়ার চেষ্টা করতে হবে বাংলাদেশকে হারিয়ে।
