আগামী ১৯ জুন গনভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবর্ধনা দেবেন দেশের অনূর্ধ্ব-১৮ নারী ফুটবলারদের। এই দলটা গত ডিসেম্বরে ঢাকায় সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। ফাইনালে ভারতকে হারিয়ে বাংলার নারী ফুটবল দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশের ৫০ বছরপূর্তি এবং বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদ্যাপনের বছরে যেসব সাফল্য এসেছিল তার মধ্যে নারী অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবলে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়াটা বড় অর্জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ফুটবলারদের ভীষণ ভালোবাসেন। তাদের যে কোনো সাফল্যে প্রধানমন্ত্রী অনুপ্রেরণা দেন। গণভবনে তার বাসায় আগামী রবিবার দুপুরে সংবর্ধনা দেবেন তিনি। একথা জানিয়েছেন বাফুফের সদস্য ফিফার কাউন্সিল মেম্বার এবং মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
দুপুরে সংবর্ধনা অনুষ্ঠান শেষে ফুটবলাররা বাফুফে ভবনে ফিরবেন। বিকালের ফ্লাইট ধরে রাতেই সিলেটে পৌঁছাবেন। সিলেটে আগামী ২৩ ও ২৬ জুন মালয়েশিয়া-বাংলাদেশ আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ হবে।
ঢাকায় নারী ফুটবলাররা টার্ফের মাঠে অনুশীলন করে। সিলেট যাওয়ার আগে তিন দিন ধানমন্ডি শেখ জামাল ক্লাবে ঘাষের মাঠে অনুশীলন করবেন ফুটবলাররা।
সিলেটের ম্যাচের সময়টা নির্ধারণ হয়নি। কারণ সেখানে ফ্লাড লাইট জ্বলবে কি না তার নিশ্চয়তা নেই। ফ্লাড লাইটের বকেয়া বিল এখনো পরিশোধ করা হয়নি। গতকাল বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, তারা ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছে এবং মন্ত্রণালয় বিষয়টি নিয়ে খুবই পজিটিভ। বাফুফে ধরে নিচ্ছে দুটি ম্যাচের জন্য ফ্লাড লাইট জ্বলবে। আর যদি কোনো কারণে না জ্বালানো যায় তাহলে বিকাল ৪টায় খেলা শুরু হবে বলে সোহাগ বলেছেন।
আগামী আগস্টে সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপ রয়েছে। বাংলাদেশ দল সেখানে লড়াই করবে তাই মালয়েশিয়ার বিপক্ষে ফিফা টায়ার ওয়ান ম্যাচ দুটি কাজে আসবে বলে মনে করছেন মাহফুজা আক্তার কিরণ।
