চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ব্যস্ততম এলাকা পিএবি সড়কের চাতরী চৌমুহনী বাজারে রাস্তার দুই পাশে ফুটপাত দখল করে আছে ভাসমান হকার, স্থায়ীভাবে গড়ে তোলা হয়েছে অবৈধ দোকানপাট। যার ফলে লেগে থাকত যানজট। পানি নিষ্কাশনের নালাগুলো ময়লা-আবর্জনায় ভরে যাওয়ায় অল্প বৃষ্টিতেই সৃষ্টি হতো জলাবদ্ধতা। এ নিয়ে গত ৭ জুন দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশিত হওয়ার পর সেদিন রাত থেকে শুরু হয় পানি নিষ্কাশনের নালা পরিষ্কার এবং ফুটপাত দখলমুক্তকরণ অভিযান।
গত পাঁচ দিনে সড়কের দুই পাশ ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় দেড় শতাধিক অবৈধ দোকানপাট ও ভাসমান হকারদের উচ্ছেদ করা হয়। এতে নিত্য যানজটে ভোগান্তি অনেকটা কমে এসেছে, সড়ক হয়েছে প্রশস্ত। ফলে স্বাচ্ছন্দ্যে হাঁটতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন পথচারীরা।
এ বিষয়ে চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন, উপজেলা প্রশাসনের সহযোগিতায় সড়কের উভয় পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের উদ্যোগে চাতরী চৌমুহনীর ফুটপাত দখলের একটি স্থায়ী সমাধান হয়েছে। যারা এসব অবৈধ দোকানপাট বসাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
