পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু

আপডেট : ১৫ জুন ২০২২, ০৪:০০

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার ও মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

মিরসরাই (চট্টগ্রাম): মিরসরাইয়ে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে ব্যাটারিচালিত রিকশাকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই দুই ব্যক্তির মৃত্যু হয়। এতে গুরুতর আহত হয়েছেন আরো দুই জন। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেঁড়ামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রুবেল (৩০) স্থানীয় করেরহাট ইউনিয়নের ঘেঁড়ামারা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে অন্য জন একই ইউনিয়নের পূর্ব অলিনগর গ্রামের মো. ইউসুফ। তিনি ব্যাটারিচালিত রিকশার চালক। 

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার এসআই সুফল চন্দ্র সিংহ জানান, ট্রাকের চাপায় ব্যাটারিচালিত রিকশার চালক মো. ইউসুফ ও যাত্রী মো. রুবেল ঘটনাস্থলেই মারা যান। বাকি আহত দুই যাত্রীকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত রিকশা ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকের চালক ঘটনার পরপর পালিয়ে গেছে।

পঞ্চগড়: পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ট্রাক টার্মিনাল এলাকায় মঙ্গলবার ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম জহিরুল ইসলাম (৫০)। এ সময় তার ছেলে এনামুল হক গুরুতর আহত হয়েছেন। নিহতের বাড়ি তেঁতুলিয়া উপজেলার শালবাহানহাট ইউনিয়নের লোহাকাচি গ্রামে।

শ্যামনগর (সাতক্ষীরা): শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় রহিমা খাতুন (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে মুন্সিগঞ্জ শেখ বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি মুন্সিগঞ্জ পূর্ব ধানখালী গ্রামে আব্দুল করিম গাজীর স্ত্রী।

শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কেশবপুর (যশোর): কেশবপুরে সড়ক দুর্ঘটনায় বিআরডিবির কর্মকর্তা আশরাফ আলীর (৫৭) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আশরাফ আলী খুলনার ডুমুরিয়া উপজেলার উলা গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে। চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আদমদিঘী (বগুড়া): অসুস্থ খালাকে দেখে বাড়ি ফেরার পথে রোলারের চাপায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী গৃহবধূ বেনু বেগম (৫৫)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে আদমদীঘির কুসিম্বী বাজার এলাকায়। আদমদীঘির থানার ওসি জালাল উদ্দীন বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই তরিঘড়ি করে লাশ নিয়ে গেছে নিহতের পরিবার। এ ঘটনায় আদমদীঘি থানায় অভিযোগ বা ইউডি মামলা হয়নি।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শ্রীমঙ্গলে দুইটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে শহরের হবিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। শ্রীমঙ্গল থানার সাব ইন্সপেক্টর রফিকুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা উপস্থিত হয়ে গাড়ির দরজা কেটে চালক লোকমান মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/এমএএম