শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপে কোস্টারিকা

আপডেট : ১৫ জুন ২০২২, ১০:২৪

কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী দল সংখ্যা ৩২। আগের দিনই ৩১টি দল জায়গা নিশ্চিত করে ফেলে। গতরাতে শেষ জায়গাটির জন্য কাতারের আল রাইয়ানের আহমেদ বিন আলী স্টেডিয়ামে লড়াইয়ে নামে কোস্টারিকা ও নিউজিল্যান্ড। এতে শেষ হাসি হেসেছে উত্তর আমেরিকার প্রতিনিধিত্বকারী দেশটি।

বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ ম্যাচটি যখন অনুষ্ঠিত হয় তখন কোস্টারিকায় সময় দুপুর। সরকারি কর্মজীবীদের খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য লাঞ্চ বিরতিতে এক ঘণ্টার ছুটি ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো চাভেজ। তার এই উদ্যোগ শেষ পর্যন্ত বিফলে যায়নি।

ওশেনিয়া অঞ্চলের প্রতিনিধি নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে কোস্টারিকা। এর মধ্য দিয়ে ২০১৪ ও ২০১৮ এর পর টানা তৃতীয় বিশ্বকাপে জায়গা করে নিলো দেশটি। সবমিলিয়ে এটি তাদের ৬ষ্ঠ বিশ্বকাপ হতে যাচ্ছে। বাকি তিনটি ১৯৯০, ২০০২ ও ২০০৬।

কাতার বিশ্বকাপে ‘ই’ গ্রুপে কোস্টারিকা। তাদের সঙ্গী আগে থেকেই জায়গা নিশ্চিত করে রাখা জার্মানি, স্পেন ও জাপান।

ইত্তেফাক/টিএ