নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় চারতলা ভবনের সামনে মোটরসাইকেলের ধাক্কায় আবদার আলী (৪৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সে উপজেলার পুটিমারী ইউনিয়নের মন্থনা গ্রামের মৃত খোকা মামুদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলা শহরের চারতলা মোরের একটি হোটেল থেকে নাস্তা খেয়ে মূল সড়কে আসার সময় কিশোরগঞ্জ বাজার থেকে টেংগনমারীগামী একটি মোটরবাইক আবদার আলীকে ধাক্কা দেয়। এসময় আবদার আলীর মাথায় ও মুখে প্রচণ্ড রক্তক্ষরণ হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে আসে। রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক দ্রুত তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। রংপুরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজিব কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মোটরসাইকেল চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। তবে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।’
