ভোটার নেই, স্বতন্ত্র প্রার্থীর এজেন্টশূন্য আনোয়ারার উপ-নির্বাচন

আপডেট : ১৫ জুন ২০২২, ১২:০৯

বুধবার (১৫ জুন) সকাল থেকে চলছে আনোয়ারায় পরৈকোড়া উপ-নির্বাচন। চেয়ারম্যান পদে লড়ছেন ১ নৌকা প্রার্থীসহ ৫ স্বতন্ত্র প্রার্থী। প্রতিটি কেন্দ্রে নৌকার প্রার্থী আজিজুল হক চৌধুরী বাবুলের এজেন্ট থাকলেও সকাল থেকে দেখা মিলেনি ৫ স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট। যদি এমনটি হয় তাহলে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা।

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হলেন- মো. আলী চৌধুরী (আনারস), নাজিম উদ্দীন সুজন (মোটরসাইকেল), হাসান জিয়াউল ইসলাম চৌধুরী (ঘোড়া), শেখ মো. নাজিম উদ্দীন (টেলিফোন), আবদুল মালেক মানিক (চশমা)।

নির্বাচনে এজেন্ট না দেওয়ার বিষয়ে সাবেক ছাত্রলীগ নেতা মোটরসাইকেল প্রতীকের নাজিম উদ্দীন সুজনের সাথে কথা হলে তিনি বলেন, ‘নৌকা প্রার্থী সকাল থেকে বহিরাগত এনে দখল করে রেখেছে। তাই আমরা সব স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করেছি।’ 

ভোট বর্জনের বিষয়টি জানতে আরেক স্বতন্ত্র প্রার্থী টেলিফোন প্রতীকের শেখ মো. নাজিম উদ্দীন বলেন, ‘আমি ঘরে আছি। আমার পক্ষ থেকে কোন এজেন্ট দেওয়া হয়নি। আমরা ভোট বর্জন করেছি।’

ভোট বর্জনের বিষয়টি জানতে অন্য স্বতন্ত্র প্রার্থীদের সাথে সংযোগ বিচ্ছিন্ন থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

এছাড়া সকাল থেকে দুয়েকটি কেন্দ্রে অল্পসংখ্যক ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও ঘণ্টাখানেক পর প্রায় প্রতিটি কেন্দ্র ফাঁকা হয়ে গেছে। 

নির্বাচনের পরিস্থিতি এবং স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জনের বিষয় সম্পর্কে নির্বাচনের দায়িত্বে থাকা বোয়ালখালী উপজেলার নির্বাচন অফিসার নুরুল ইসলাম বলেন, ‘আমরা প্রতিটি কেন্দ্র পর্যবেক্ষণ করতেছি। শুধু একটা কেন্দ্রে চশমা প্রতীকের একজন এজেন্ট দেখেছিলাম। আর কোন স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট দেখা যায়নি। আর স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জনের বিষয়টি এখন অব্দি জানি না। যদি এমনটি হয় তাহলে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে।’

ইত্তেফাক/এসজেড