শক্তির বার্তা নিয়ে বিশাল সমুদ্র পাড়ি দিতে যাত্রা শুরু করে একটি জাহাজ। বিশাল বিশাল ঢেউ উপক্ষো করে দুর্বার গতিতে এগিয়ে চলেছে সেটি। মাঝ সমুদ্রে যাওয়ার পর হঠাৎ ঝড়-বৃষ্টির কবলে পড়ে জাহাজটি। এতে পাটাতন ভেঙে দিশেহারা হয়ে পড়েছে। কোন দিকে যাবেন বুঝে ওঠতে পারছেন না নাবিক। ঠিক একই অবস্থা যেন বর্তমান ইতালি ফুটবল দলটির ক্ষেত্রে।
২০১৮ বিশ্বকাপের পর কোচের দায়িত্ব নিয়ে দলটিকে দারুণভাবে ঘুচিয়ে আনেন রবার্তো মানচিনি। টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে ইতালি। গত বছর জিতে নেয় ইউরোর শিরোপাও। এর পরই হঠাৎ ছন্দপতন। জয় পাওয়া ভুলে গেছে তারা। একের পর এক ম্যাচ হেরে কাতার বিশ্বকাপেও কোয়ালিফাই করতে পারেনি চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
নেশনস লিগেও নিজেদের হারিয়ে খুঁজছে ইতালি। যেন মাঝসমুদ্রে পথ হারানো কোনো জাহাজ। ঝড়-বৃষ্টিতে বিধ্বস্ত। গতরাতে জার্মানির কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছে মানচিনির শীষ্যরা। নাবিকের মতো তিনিও যেন ঠিক বুঝে ওঠতে পারছেন না কীভাবে তীরে পৌঁছাবেন! ক্যামেরায় তার বিষন্ন মুখে সেটিরই প্রতিচ্ছবি প্রকাশ পাচ্ছিল বারবার।
নেশনস লিগে চার ম্যাচে দুই ড্র, এক জয় ও এক হারে এখন ছিটকে পড়ার শঙ্কায় ইতালি। প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় জার্মানি। গোল করেন জশুয়া কিমিখ ও ইকাই গুন্দোগানে। দ্বিতীয়ার্ধে টিমো ভের্নার করেন জোড়া গোল এবং টমাস মুলার করেন একটি। ইতালির হয়ে দুটি গোল বাস্তোনি ও গনোন্তোর।
গত ৬৫ বছরের মধ্যে এই প্রথম কোনো ম্যাচে এত বেশি গোল হজম করলো নীল জার্সিধারীরা। সর্বশেষ ১৯৫৭ সালে সাবেক যুগোশ্লোভিয়ার বিপক্ষে ৫ গোলে হেরেছিল তারা। সেই লজ্জা আবার ফিরে এলো।
অন্যদিকে, জার্মানির অবস্থাও খুব একটা সুবিধার নয়। এবার নেশনস লিগে এটাই তাদের প্রথম জয়। 'এ৩' গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে হাঙ্গেরি, ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে জার্মানি, ৫ পয়েন্ট নিয়ে তিনে ইতালি এবং ২ পয়েন্ট নিয়ে তলানিতে ইংল্যান্ড।
