প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী শুক্রবার ও শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন। মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক জানিয়েছেন, এ পরিদর্শন ছিল তাদের ব্যক্তিগত।
শনিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও তার পরিবারের সদস্যরা সকাল সাড়ে নয়টার দিকে টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া জমিদার বাড়ি বর্তমানে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি মহেড়া জমিদার বাড়ির বিভিন্ন স্থাপনার সুদক্ষ কারুকাজ, মনোরম পরিবেশ ও মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার আধুনিকভাবে গড়ে তোলায় বর্তমান সরকার এবং প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
এ সময় টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডার (ডিআইজি) ড. মীর্জা আব্দুল্লাহেল বাকী, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার সনজিৎ কুমার রায়, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) দীপংকর ঘোষ, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক ও মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক মিজানসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সম্পত্তির লোভে বোনকে পাগল বানাতে চেয়েছিল ভাই
অপরদিকে, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক মিজান জানান, শুক্রবার (৭জুন) বেলা সাড়ে এগারটার দিকে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী সৈয়দপুর এলাকায় ফেরদৌস নাসির চ্যারিটেবল বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন করেছেন। এলাকার সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসা সেবার জন্য তিনি মায়ের নামে এ হাসপাতাল গড়ে তুলেছেন। এখানে প্রতি দিন শত শত রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে থাকেন।
এ সময় মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেকসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/অনি
