সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্কুলে যাবার পথে বন্যার পানিতে নৌকা ডুবিতে এক ভাই বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুন) সকালে সুনামগঞ্জের দোয়ারা বাজারের ৯ নং সুরমা ইউনিয়নের গুজাউরা হাওরে এই ঘটনা ঘটে। নিহত সৌরভ (১০)ও নিখোঁজ তামান্না (১৫) আপন ভাই বোন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নিহত সৌরভ ও তার আপন বড় বোন তামান্না গুজাউরা হাওর দিয়ে ছোট নৌকা করে স্কুলে যাচ্ছিল। সেই সময় হঠাৎ হাওরে থাকা প্রবল বেগের স্রোতে নৌকাটি উল্টে যায়। সেই সময় সৌরভ ও তামান্না নিখোঁজ হয়। পরে স্থানীয়রা ও দোয়ারা বাজার থানা পুলিশ নদী থেকে সৌরভ ও তামান্নার লাশ উদ্ধার করে।
ওসি দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীতে প্রবল স্রোত থাকায় চিলা নদীতে নৌকা উল্টে ভাই ও বোন নিখোঁজ হয়েছিল। পরে ভাই বোনের লাশ উদ্ধার করা হয়েছে।
