ওটিটিতে স্বাচ্ছন্দ্য মম 

আপডেট : ১৬ জুন ২০২২, ০৫:০১

দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম একসময় নিয়মিত টেলিভিশন নাটকে অভিনয় করতেন। এখন তাকে এ মাধ্যমে দেখা যায় হঠাৎ কখনো। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মেই বরং সরব। 

সম্প্রতি হইচই-এ মুক্তি পেয়েছে মম অভিনীত ওয়েব সিরিজ ‘রিফিউজি’। ইমতিয়াজ সজিবের পরিচালনায় এ ওয়েব সিরিজে ওঠে এসেছে ২০০৭ সালের বিহারি ক্যাম্পের প্রেক্ষাপট। স্পর্শকাতর একটি গল্পে অভিনয় করে ফের নিজেকে চেনালেন মম।

এ কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘এমন গল্পে কাজ করলে দর্শক কীভাবে নেয় তা গুরুত্বপূর্ণ। এ ইউনিটের সাথে কাজ করার অভিজ্ঞতা চমৎকার। উৎসাহ নিয়ে কাজটি করেছি। সবাই যার যার জায়গা থেকে শতভাগ দিয়ে কাজ করেছেন। এ ধরনের কাজের প্রভাব সুদূরপ্রসারী।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকের প্রতিক্রিয়াও দেখছেন মম, ‘দর্শক ভালো লাগার কথা জানাচ্ছেন। যাদের ভালো লাগেনি তারাও লিখছেন। নিজেদের মতামত জানাচ্ছেন। সবকিছু মিলে ভালো সাড়া মিলছে।’

এর আগে আশফাক নিপুণের ‘মহানগর’ ওয়েব সিরিজে মম’র অভিনয় প্রশংসিত হয়। মাঝে কৌশিক শঙ্কর দাশ পরিচালিত ‘৯ এপ্রিল’- এ অভিনয় করেন তিনি। নাটকে অভিনয় কমিয়ে ওয়েব প্ল্যাটফর্মে কাজের কারণ জানিয়ে মম বলেন, ‘ওয়েবের কাজে প্রস্তুতির সময় পাওয়া যায়। চরিত্রের মাঝে বসবাস করার সময় হয়। চরিত্রের প্রয়োজনে নিজেকে শারীরিকভাবে তৈরি করা যায়। যেমন, ‘রিফিউজি’র মারিয়া চরিত্রটির জন্য চুলের রঙ বদলেছি। ক্যাম্পে গিয়েছি। রিহার্সেল করেছি। চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য যা দরকার তা করেছি।’

তিনি আরও বলেন, ‘নাটক আমাদের সময় দেয় না। সেজন্য নাটকে সময় দিতে মন সায় দেয় না। চরিত্রগুলো আলাদা। চরিত্রের জন্য তৈরি হতে হয়। ওয়েবে সে সময়টুকু পাই। অভিনয় করলেই হয়ে যায় না। সম্মিলিতভাবে একটি প্রজেক্ট দাঁড় করাতে হয়। ওটিটিতে আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাওয়া যায় বলে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।’

ওয়েব প্ল্যাটফর্ম প্রসঙ্গে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে মম বলেন, ‘নাটকের চরিত্রগুলো বৈচিত্র্যহীন। পুরুষের চোখে নারী চরিত্র তুলে ধরা হয়। ওয়েবে চরিত্রগুলো বিস্তারিতভাবে বর্ণনা করা হয়। এজন্য এ প্ল্যাটফর্মে কাজ করতে উৎসাহ বোধ করি। আরেকটি কথা বলতে হয়, বাংলাদেশে প্রচুর গল্প আছে। ওয়েব এ গল্প বলার উপযুক্ত মাধ্যম। এখানে অভিনয় জানা মানুষজন কাজের সুযোগ পাচ্ছেন। সামনে উজ্জ্বল সময় আসছে বলে মনে করি।’

ওয়েবের বাইরে সিনেমাতেও কাজ করছেন মম। চলতি মাসেই মুক্তি পেয়েছে অঞ্জন আইচের ‘আগামীকাল’। খিজির হায়াতৎ খানের ‘ওরা ৭ জন’ ছবির শুটিং ও ডাবিং শেষ। এ ছাড়া, অনন্য মামুনের ‘রেডিও’ আসছে জুলাইতে, আমেরিকার লাস ভেগাসে এনএবিসি ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শন করা হবে।

এদিকে ঈদ উপলক্ষে জিবরান তানভীরের নির্দেশনায় ‘সাহসিকা-২’ টেলিছবিতে অভিনয় করেছেন মম। এ কাজটি নিয়ে উচ্ছ্বসিত মম বলেন, ‘বৈবাহিক ধর্ষণের প্রেক্ষাপটে গল্প এগিয়েছে। এ কাজটিও চ্যালেঞ্জিং ছিল। তিন দিন রিহার্সেল করেছি। টেলিভিশনের কাজ হলেও ভালো করার চেষ্টা ছিল সবার। এ ধরনের কাজের প্রতি আমার আগ্রহ ব্যাপক। আমি শিখতে চাই। নিত্যনতুন চরিত্রে নিজেকে উপস্থাপন করতে চাই।’

সবশেষে বলা যায়, নাটক নয়, স্বাচ্ছন্দ্য বোধ করায় ওটিটি ও সিনেমাতেই ব্যস্ত মম।

ইত্তেফাক/মাহি