ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সার্ভিসেস অ্যান্ড অ্যালামনাই রিলেশন্স (ওসিএসএআর) এর আয়োজনে ইন-হাউজ ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম ও ক্যাফেটেরিয়ায় ক্যারিয়ার ফেয়ার ২০২২ শুরু হয়। এতে অংশ নেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীবৃন্দ। ইন-হাউজ এই ক্যারিয়ার ফেয়ারের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে ছিল থেরাপ (বিডি) এবং সহ-পৃষ্ঠপোষক ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক ইত্তেফাক।
ক্যারিয়ার ফেয়ারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডোল্যান্ড। তিনি বলেন, 'ব্র্যাক ইউনিভার্সিটি আয়োজিত এই ক্যারিয়ার ফেয়ারের মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সম্ভাব্য নিয়োগদাতাদের সাথে যুক্ত করার মাধ্যমে ইন্ডাস্ট্রি এবং অ্যাকাডেমিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরি করা। সেই সাথে, ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী ও অ্যালামনাইদের জন্য বৃহত্তর পরিসরে চাকুরি অণ্বেষণের সুযোগ তৈরি করা।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থেরাপ বিডি লিমিটেডের হিউম্যান রিসোর্স অ্যান্ড ভাইটাল অ্যাসেটস এর ডিরেক্টর মেজর জেনারেল (অব.) এম শামীম চৌধুরী, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড এর হেড অফ রিসার্চ সেলিম আফজাল শাওন, সিএফএ এবং গ্রামীনফোন লিমিটেড এর ট্যালেন্ট অ্যান্ড এমপ্লয়ার ব্র্যান্ডিং এক্সপার্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাবিব গাজী।
আইটি, টেলিকমিউনিকেশন্স, এফএমসিজি, লজিস্টিক, ফার্মাসিউটিক্যাল, নন-ব্যাংকিং ফিনান্সিয়াল এবং ডেভেলপমেন্ট সেক্টরের ২০টিরও বেশি প্রতিষ্ঠান এই ইন-হাউজ ক্যারিয়ার ফেয়ারে অংশগ্রহণ করেছে। বিকাশ, নগদ, উপায়, বাংলালিংক, পাঠাও, লংকা বাংলা ফিনান্স, ওয়ান্ডারম্যান থম্পসন বাংলাদেশ, আরলা ফুড বাংলাদেশ লিমিটেড, এপেক্স ফুটওয়ার লিমিটেড, রেনেটা লিমিটেড, ব্র্যাক, র্যাংগস গ্রুপ, রানার গ্রুপ, ইজি গ্রুপ, ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ফুড প্রোগাম, সিঙ্গার বাংলাদেশ, ওগমেডিক্স, দ্য একমি ল্যাবরেটরিজসহ ২০টির বেশি চাকুরিদাতা প্রতিষ্ঠান এই ইন-হাউস ক্যারিয়ার ফেয়ারে অংশ নেয়। আয়োজনে রেভারেট পার্টনার ছিল পেপসিকো ও নেসক্যাফে এবং হাইজিন পার্টনার ছিল সেপনিল। বিকাল ৪টায় আয়োজন শেষ হয়।
