বরিশাল বিশ্ববিদ্যালয়ে 'পদ্মা সেতু ও এর আর্থ-সামাজিক তাৎপর্য' বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ১৯ জুন (রবিবার) বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাস কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে। এ সময় সম্মেলনে পদ্মা সেতুর অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বিষয় নিয়ে মোট ২৩ টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পদ্মা সেতুর এক্সপার্ট প্যানেলের সদস্য ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে কনফারেন্সে মূল প্রবন্ধ পাঠক হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ এশীয় রাজনীতি বিশেষজ্ঞ ও ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া গবেষণা কেন্দ্রের অধ্যাপক ড. সঞ্জয় কে ভরদ্বাজ। এছাড়া বিশেষ অতিথি হিসাবে একুশে পদক জয়ী সাংবাদিক ও কলামিষ্ট বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া উপস্থিত থাকবেন ।
সম্মেলনে ড. আইনুন নিশাত পদ্মা সেতুর নির্মান পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করবেন। দক্ষিণ এশীয় অঞ্চলে পদ্মা সেতুর প্রভাব নিয়ে অধ্যাপক ড. সঞ্জয় কে ভরদ্বাজ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন সেশনে উপস্থাপিত প্রবন্ধের উপর বিশ্লেষনধর্মী আলোচনা করবেন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা অজয় দাসগুপ্ত 'স্বর্নালী সম্ভাবনার যুগে' শিরোনামে পদ্মা সেতুর বিভিন্ন সম্ভাব্য প্রভাব ও পর্যটন বিশেষজ্ঞ ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া পদ্মা সেতুর কারণে পর্যটন শিল্পের সম্ভাবনা বিষয়টি তুলে ধরবেন।
কনফারেন্সের উক্ত সেশনে স্বাগত বক্তব্য প্রদান করবেন কনফারেন্স আয়োজক কমিটির আহবায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অসীম কুমার নন্দী। এছাড়া তিনি ঐদিন সন্ধ্যায় কনফারেন্সের সমাপনী সেশনে কনফারেন্সে উপস্থাপিত ২৩ টি পেপারের সারমর্ম তুলে ধরবেন।
উল্লেখ, আন্তর্জাতিক এ কনফারেন্সে দেশ-বিদেশের খ্যাতনামা অধ্যাপক, গবেষক, সাংবাদিক, কলামিস্টসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
