সাম্প্রতিক সময়ে টেস্ট খেলতে নামলেই বাংলাদেশি টপ অর্ডার ব্যাটাররা শুরুতেই আউট হয়ে দলকে বিপদে ফেলবেন, এটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। অ্যান্টিগায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হওয়া টেস্টেও একই ধারাবাহিকতা বজায় থাকলো। টস হেরে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে মাত্র ১৬ রান যোগ করতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে সফরকারীরা।
দলীয় খাতায় এক রান যোগ হতেই কেমার রোচের বলে গালিতে দাঁড়ানো বোনারের হাতে ক্যাচ তুলে দেন মাহমুদুল হাসান জয়। ইনিংসের মাত্র দ্বিতীয় বল ছিল এটি। নিজের পরের ওভার করতে এসে আবারও রোচের আঘাত। এবার তার শিকার তিনে নামা নাজমুল হোসেন শান্ত। অফ ফর্মে থাকা এই ব্যাটারকে সরাসরি বোল্ড করেন রোচ। জয় ও শান্ত দু'জনই কোনো রান করতে পারেননি।
এরপর ক্রিজে নামেন সদ্যই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো মুমিনুল হক। ফর্ম ফিরে পেতেই নেতৃত্ব ছাড়েন তিনি। কিন্তু ফর্ম এখনো অধরা এই ব্যাটারের। দলকে বিপদের মুখে ঠেলে দিয়ে আবারও শূন্য রানে আউট মুুমিনুল। দলের স্কোর তখন ১৬ রান। জাইডেন সিলসের বলে স্লিপে দাঁড়ানো ব্ল্যাকউডের হাতে ক্যাচ তুলে দেন তিনি।
এই রিপোর্ট লেখার সময় লিটন দাসকে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করছেন ওপেনার তামিম ইকবাল। লিটন ৮ ও তামিম ২৯ রানে অপরাজিত। বাংলাদেশের স্কোর ৩ উইকেট হারিয়ে ৩৭ রান।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ