বাবার কোমর থেকে অতলে হারাল মেয়ে

আপডেট : ০৮ জুন ২০১৯, ২১:৫৯

মা-বাবার সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ রয়েছে অদিয়া ইসলাম (১০) নামের এক স্কুলছাত্রী। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। শনিবার (৮ জুন) দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুস্তা এলাকার ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।

সে মিরপুর গার্লস স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী।আদিয়া ঈদের ছুটিতে নানাবাড়ি ঘিওরে বেড়াতে এসেছিল। 

ঘিওর ফায়ার সার্ভিসের দায়িত্বরত ফায়ারম্যান আব্দুল আলিম জানান, অন্ধকার হয়ে যাওয়ায় রাত ৮টার দিকে উদ্ধার অভিযান প্রাথমিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কোনো খোঁজ না পাওয়া গেলে রবিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান চলবে। 

ঘিওর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিছুল হক জানান, ঢাকার মিরপুর শাহআলী এলাকার বাসিন্দা ব্যবসায়ী আমিরুল ইসলাম ঈদের ছুটিতে স্ত্রী-সন্তান নিয়ে ঘিওরের কুস্তা গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। দুপুরে দুই মেয়েকে নিয়ে তিনি ও তার স্ত্রী বাড়ির পাশের ধলেশ্বরী নদীতে গোসল করতে যান। 

আরও পড়ুন: মোটরসাইকেলে চেপে ঢাকা থেকে কক্সবাজারে, ফিরল না সুমিত

এ সময় আমিরুল ছোট মেয়েকে কোলে এবং বড় মেয়ে আদিয়াকে কোমরে জড়িয়ে গোসল করছিলেন। হঠাৎ দেখেন বড় মেয়ে আদিয়া নেই। কখন কোমর থেকে গভীর পানিতে তলিয়ে গেছে তা টেরও পাননি। এ সময় স্বামী-স্ত্রীর আহাজারীতে স্থানীয়রা এগিয়ে আসেন। 

তাৎক্ষণিক উদ্ধারের চেষ্টা চালিয়ে নদীর স্রোতের কারণে ব্যর্থ হন। পরে ঘিওর ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে।

ইত্তেফাক/অনি