ওডেসা অঞ্চলের দক্ষিণে রুশ অধিকৃত জেমিনি দ্বীপে সেনা, অস্ত্র ও গোলাবারুদ পরিবহনকারী রাশিয়ার একটি নৌ টাগবোটে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইউক্রেন। শুক্রবার (১৭ জুন) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ওডেসার আঞ্চলিক গভর্নর ম্যাকসিম মার্চেনকো জাহাজটিকে 'ভ্যাসিলি বেখ' হিসেবে চিহ্নিত করেছেন। ইউক্রেনের সামরিক বাহিনী এই হামলার একটি ভিডিও প্রকাশ করেছে। তাদের দাবি, দুটি হারপুন ক্ষেপণাস্ত্র রুশ টাগবোটে আঘাত হেনেছে। তবে বার্তা সংস্থা রয়টার্স নিরপেক্ষভাবে এই ফুটেজের সত্যতা যাচাই করতে পারেনি।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কৌশলগত যোগাযোগ অধিদপ্তর বলেছে, কৃষ্ণ সাগরে পূর্ণ মাত্রায় যুদ্ধে দুইবার জাহাজ-বিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। প্রথমে ইউক্রেনীয় তৈরি নেপচুন এবং আজ ১৭ জুন, হারপুন ক্ষেপণাস্ত্র। দুইটি ক্ষেপণাস্ত্র হামলায় সফল হয়েছে। একই সময়ে রাশিয়ান জাহাজের বিমান প্রতিরক্ষা সম্পূর্ণরূপে অকার্যকর প্রমাণিত হয়েছে।
তবে এতে কি পরিমাণে হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এছাড়া ইউক্রেনের এই দাবি নিয়ে মস্কোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১১৪ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বাড়ছে।
