দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করেছে আওয়ামী লীগ সরকার। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এ জন্য এখন দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলায় উৎসবের পরিবেশ বিরাজ করছে। এই উদ্বোধনের সাক্ষী হতে খুলনা বিভাগ থেকে ১০ লাখ মানুষ কাঁঠালবাড়ির সমাবেশে যোগ দেবে।
এ জন্য খুলনা বিভাগের সব জেলা, উপজেলা ও মহানগরে প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভায় দক্ষিণাঞ্চলের ২১ জেলার দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেবেন। বাগেরহাটের সব উপজেলার আওয়ামী লীগ নেতারা সভায় অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন শেখ হেলাল উদ্দীন এমপি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশাল জনসভা সফল করার লক্ষে শুক্রবার বিকেলে বাগেরহাট সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেখ হেলাল উদ্দিন আরও বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে পরিবহন স্বল্পতার কারণে আমরা মাত্র ৫ থেকে ১০ শতাংশ মানুষকে অনুষ্ঠানে হাজির করতে পারবো। যারা অনুষ্ঠানে যেতে পারবেন না তারা নিজ নিজ এলাকায় জেলা, উপজেলা প্রশাসন ও দলীয় আয়োজনে শোভাযাত্রা করবে। বড় পর্দায় পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানসহ প্রধানমন্ত্রীর পদ্মাপাড়ের মহাসমাবেশের বক্তব্য শুনবেন।
এমপি হেলাল আরও বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র ও প্রতিকূলতা মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন করে প্রমাণ করেছেন, তিনি বঙ্গবন্ধুর মেয়ে। বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন, এক সময়ে প্রমত্তা পদ্মায় সেতু হবে। পদ্মা সেতু নির্মাণ করে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন। পদ্মা সেতু নির্মাণের ফলে দক্ষিণাঞ্চলের মানুষ সারাদেশের সঙ্গে এক সুতোয় মিলিত হয়েছে। এখন এই অঞ্চলের মানুষকে আর পদ্মা পাড়ে দিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট ও বিড়ম্বনায় পড়তে হবে না।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভুঁইয়া হেমায়েত উদ্দীনের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আমিরুল আলম মিলনসহ বাগেরহাটের বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র ও জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতারা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ৬ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান