শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের চাওয়ার কিছু নেই, তিনি আমাদের না চাইতেই যা দিয়েছেন এ জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। তিনি আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের কষ্টের কথা চিন্তা করে আমাদের জন্য পদ্মা সেতু করে দিয়েছেন। তিনি অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিয়েছেন। আমার পূর্বপুরুষ যারা ছিলেন তারা কখনো চিন্তা করেননি এই প্রমত্তা-খরা স্রোত পদ্মায় কখনো পদ্মা সেতু হবে। পদ্মা সেতু ছিল এক রকম স্বপ্নের মতো, যা তিনি দৃশ্যমান করেছেন। শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখেনই না, তা বাস্তবায়নও করেন।
শুক্রবার (১৭ জুন) পদ্মা সেতু উদ্বোধন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে শরীয়তপুর জাজিরার বি কে নগর ইউনিয়নে দিকনির্দেশনা ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
অপু বলেন, পদ্মা সেতু বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশ্ববাসী প্রশংসা করছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে। প্রমাণ হয়েছে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা যে ওয়াদা করেন তা বাস্তবে পালন করেন। ভিশনারি লিডারশীপ আছে বলে দেশকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা।
আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা বলেন, শেখ হাসিনার ভিশনারি নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে। দেশে অর্থনৈতিক অঞ্চল করা হচ্ছে। সেখানে এক কোটি মানুষের কর্মসংস্থান হবে। ৫০ বিলিয়ন ডলার রপ্তানি আয় বাড়বে। এ ধারা অব্যাহত থাকলে আমরা ২০৪১ সালে উন্নত বাংলাদেশ দেখতে পাবো।
এসময় শরীয়তপুরের পালং-জাজিরার পৌরসভা, থানা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ- ছাত্রলীগ- যুবলীগ- স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
