পশ্চিমের নিষেধাজ্ঞা ‘নির্বোধ’: পুতিন

আপডেট : ১৮ জুন ২০২২, ১২:৫৫

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি ‘নির্বোধ’ আচরণ। ইউক্রেনে সামরিক অভিযান চালাতে বাধ্য হয়েছে রাশিয়া। দেশটিতে বসবাসরত রুশ নাগরিকদের নিরাপত্তার জন্য এই অভিযান জরুরি ছিল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর ও বন্দর নগর সেন্ট পিটার্সবার্গে শুরু হয়েছে সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের (এসপিআইইএফ) সম্মেলন। শুক্রবার (১৭ জুন) সেই সম্মেলনে ভাষণ দিয়েছেন পুতিন।

তিনি বলেন, ‘পূর্ব ইউক্রেনের ডনবাসে আমাদের জনগণকে রক্ষা করাই আমাদের লক্ষ্য। পশ্চিমারা ইউক্রনে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। কোনো সন্দেহ ছাড়াই বিশেষ অভিযানের সকল লক্ষ্য অর্জন হবে।’

তিনি বলেন, ‘রাশিয়ার অর্থনীতিকে চাপে ফেলতে কোনো চিন্তাভাবনা না করে ঝড়ের মতো একের পর এক নির্বোধ ও উন্মাদ নিষেধাজ্ঞা দিয়েছে; কিন্তু তাদের উদ্দেশ্য কখনও সফল হবে না। কারণ মানসিক দৃঢ়তা রাশিয়ার জনগণের জাতিগত বৈশিষ্ট। আমরা যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি এবং তাতে জয়ী হতে পারি। আমাদের পূর্বসূরীদের মতো আমরাও যে কোনো সমস্যা সমাধান করতে পারি। রাশিয়ার হাজার বছরের ইতিহাসে অসংখ্যবার এটি প্রমাণিত হয়েছে।’

ইত্তেফাক/টিআর