চেরাপুঞ্জিতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৯৭২ মিলিমিটার বৃষ্টিপাত

আপডেট : ১৮ জুন ২০২২, ১৪:০৭

মাত্র দুই দিন ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে ৮১১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এবার শহরটিতে ৯৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা ১২২ বছরের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

ভারতের আবহাওয়া বিভাগ জানায়, শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটের আগের ২৪ ঘণ্টায় এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

চেরাপুঞ্জি বিশ্বের সর্বোচ্চ বৃষ্টিপ্রবণ এলাকা। হিসাব রাখা শুরু করার পর থেকে জুনের একদিনে সেখানে নয়বার ৮০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এ পর্যন্ত।

গুয়াহাটিতে ভারতের আবহাওয়া বিভাগের আঞ্চলিক কার্যালয়ের আবহাওয়া বিজ্ঞানী সুনিত দাশ বলেন, চলতি মাসে শুক্রবার পর্যন্ত চেরাপুঞ্জিতে ৪০৮১ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে বুধবার সাড়ে ৮টার আগের ২৪ ঘণ্টায় ৮১১.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

চেরাপুঞ্জিতে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে ১৯৯৫ সালের ১৬ জুন। সেদিন ওই এলাকায় ১৫৬৩ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি হয়। দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি হয় ১৯৫৬ সালের ৫ জুন। সেদিন বৃষ্টিপাত হয় ৯৭৩ দশমিক ৮ মিলিমিটার।

ইত্তেফাক/টিআর