পূর্ব ইউক্রেনের সেভেরোদোনেতস্ক শহরের বাইরে গ্রামগুলোতে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ চলছে। ইউক্রেনের কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছেন। শনিবার (১৮ জুন) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
লুহানস্ক অঞ্চলের গভর্নর সের্গেই হাইদাই টেলিগ্রাম পোস্টে বলেন, এখন সেভেরোদোনেতস্কের কাছে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ চলছে। তারা (রাশিয়া) পুরো শহরকে নিয়ন্ত্রণ করছে না।
তিনি আরও বলেছেন, তোশকিভস্কা, জোলোতে আশেপাশের গ্রামগুলোতে কঠিন লড়াই চলছে। তারা প্রবেশ করার চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হচ্ছে। আমাদের প্রতিরোধবাহিনী সব দিক দিয়ে রাশিয়ানদের সঙ্গে লড়াই করছে। সম্প্রতি তারা একটি বিমান ভূপাতিত করেছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১১৫ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।
