২০৪১ সালের আগেই উন্নত রাষ্ট্র হবে বাংলাদেশ: মুক্তিযুদ্ধ মন্ত্রী

আপডেট : ১৮ জুন ২০২২, ১৭:০৫

দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ২০৪১ সাল নয়, তার আগেই বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রকে পরিচালনা করছেন এই গতিতে যদি রাষ্ট্র চলতে পারে তাহলে ২০৪১ সালের পাঁচ থেকে সাত বছর আগেই আমরা পৃথিবীর মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবো।’

শনিবার (১৮ জুন) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও আইসিটি বিভাগের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোজাম্মেল হক এসব কথা বলেন। রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই অনুষ্ঠান হয়।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ২০০৮ সালে ভোটের আগে যে কর্মসূচি দেওয়া হয়েছিল সেখানে প্রধানমন্ত্রী বলেছিল ডিজিটাল বাংলাদেশ করবো আমি। লোকে হাসাহাসি করতো যে এটা আবার কী জিনিস! এখন সবাই বোঝে ডিজিটাল বাংলাদেশ কী। কেবল মোবাইল টেলিফোনে কথা বলার ডিজিটাল বাংলাদেশ নয়, ডিজিটাল বাংলাদেশ অর্থ পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী নদীর নিচ দিয়ে টার্নেল, এগুলোই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। সবকিছু মিলিয়ে এটা এখন ডিজিটাল বাংলাদেশ ।

মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, ফুলের মধ্যে যেমন মধু থাকে তেমনি বিষও থাকে। মৌমাছি যে ফুল থেকে মধু নেয়, আবার ওই একই ফুল থেকে মাকড়শা, বোলতা- এরা বিষ নেয়। এই ডিজিটাল বাংলাদেশে এখন একদল বেরিয়েছে যারা সারাদিন সাইবার ক্রাইম করে। অর্থাৎ সারাদিন মিথ্যাচার করে, শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যাচার করে, দেশের উন্নয়নের বিরুদ্ধে মিথ্যাচার করে।

মন্ত্রী বলেন, আমরা অস্ত্র নিয়ে যুদ্ধ করে পাকিস্তানকে পরাজিত করেছি। এখনো কিন্তু যুদ্ধ করতে হবে, তবে এখন আর অস্ত্র নিয়ে নয়, এখনই এই সাইবার ক্রাইম যারা করে তাদের বিরুদ্ধে আমাদের সাইবার যুদ্ধ করতে হবে। এ সময় তিনি ছোট্ট সোনামণিদের উদ্দেশ্যে সাইবার ক্রাইমের মাধ্যমে মিথ্যাচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আহ্বান জানান।

অনুষ্ঠা‌নে সভাপতিত্ব করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়াও আরও ছি‌লেন মুক্তিযুদ্ধ মন্ত্রণাল‌য়ের অ‌তি‌রিক্ত সচিব কামরুন্ন‌হার, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র স‌চিব তপন কা‌ন্তি ঘোষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ক‌মি‌টির সদস্যরাসহ কুইজ বিজ‌য়ীরা।

ইত্তেফাক/এমএএম