সরকারবিরোধী ষড়যন্ত্রের জবাব হলো পদ্মাসেতু: কৃষিমন্ত্রী 

আপডেট : ১৮ জুন ২০২২, ১৮:০৫

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ২০০৯ সাল থেকেই যখনই শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসেছে তখনই দেশ-বিদেশে নানান ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র শেখ হাসিনার মোকাবিলা করেছেন। আগামী ২৫ জুন পদ্মা সেতুই সবচেয়ে বড় জবাব। সরকারবিরোধী ষড়যন্ত্রের জবাব হলো পদ্মাসেতু। বাঙালি জাতির অহংকার করার মতো আরও একটি বিষয় যুক্ত হল তাহল পদ্মাসেতু। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়বে। 

শনিবার (১৮ জুন) সকালে আইইবি মিলনায়তনে “প্রবীণ প্রকৌশলীদের সংবর্ধনা” অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন৷  

কৃষিমন্ত্রী বলেন, শেখ হাসিনা নেতৃত্বের সরকারের যেদিকে তাকাবেন উন্নয়ন এবং উন্নয়ন। যা আগে কেউ কখনো ভাবেনি তাই বাস্তব রূপ পেয়েছে এই সরকারের সুদৃঢ় ও শক্তিশালী নেতৃত্বের ফলে৷ মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেলসহ দেশের নানান প্রান্তে প্রস্তুত হওয়া তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো আগামী কয়েক বছরের মধ্যেই বদলে দিবে বাংলাদেশকে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ এবং আইইবি’র প্রাক্তন প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর, আইইবি’র মাননীয় প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদা, আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী মো. নূরুজ্জামান, আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক  প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু), পিইঞ্জ।

ইত্তেফাক/এমএএম