মদনে শতাধিক গ্রাম প্লাবিত

আপডেট : ১৮ জুন ২০২২, ২০:২৫

টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মদনের বন্যার অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। শনিবার দুপুর পর্যন্ত বন্যার পানি বৃদ্ধি পেয়ে উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি অবস্থায় রয়েছে হাজারো মানুষ। অনেকে সব হারিয়ে ছুটছে আশ্রয়কেন্দ্রে। ডুবে গেছে উপজেলার বেশ কয়েকটি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা প্রশাসন ও স্থানীয়দের লোকজনদের মতে, শুক্রবার সকাল থেকে অবিরাম বর্ষণ আর পাহাড়ি ঢলে উপজেলা গোবিন্দশ্রী ও মাঘান ইউনিয়নের সব গ্রামে বন্যার পানি ঢুকেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শুক্রবার রাতেই ফতেপুর, তিয়শ্রী, মদন ইউনিয়নের অধিকাংশ গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়। এ ছাড়া পৌরসদরসহ উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।  পানি বৃদ্ধি পেয়ে ঘর ডুবে যাওয়ায় লোকজন ছুটছে আশ্রয় কেন্দ্রের দিকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, উপজেলায় ৪০টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করেছে উপজেলা প্রশাসন। বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য ৯টি কন্টোল রুমের সেবা অব্যাহত রয়েছে। শনিবার দুপুর পর্যন্ত আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় ১ হাজারের বেশি পরিবার আশ্রয় নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য চাল, ডালসহ সব ধরণের বরাদ্দের ব্যবস্থা রয়েছে।  

 

ইত্তেফাক/ইউবি