ঘোর দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে মোহামেদ সালাহর মিশর। সেনেগালের কাছে হেরে ভেঙে গেছে কাতার বিশ্বকাপ খেলার স্বপ্ন। আফ্রিকান কাপ অব নেশনস বাছাইপর্বের ম্যাচগুলোও ভালো কাটেনি। ফলে বরখাস্ত হয়েছেন হেড কোচ এহাব গালাল। অথচ মাত্র দুই মাস আগেই দলটির দায়িত্ব নিয়েছিলেন তিনি। তিন ম্যাচ দেখেই তাকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন মিশর ফুটবল অ্যাসোসিয়েশন।
মার্চে বিশ্বকাপ প্লে-অফে হারের পর পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজকে ছাঁটাই করে মিশর। তার উত্তরসূরি হিসেবে আসেন গালাল। আফকনের বাছাইপর্বে গিনির বিপক্ষে ১-০ গোলের জয়ে শুরু হয় তার মিশন। কিন্তু চার দিন পরের ম্যাচে ইথিওপিয়ার কাছে ২-০ গোলে হারে সালাহরা।
গত মঙ্গলবার প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-১ গোলে হারের পর গালালকে ছাটাই করতে খুব বেশি কালক্ষেপণ করেনি মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। দলের পরিস্হিতি বদলাতে বিদেশি কোচের দ্বারস্হ হচ্ছে তারা।
