সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সোমবার তিন দেশ সফর শুরু করছেন। আঞ্চলিক সফরের অংশ হিসেবে তিনি প্রথমে মিশর পরে জর্ডান এবং এরপর তুর্কিয়ে (তুরস্কের নতুন নাম) যাবেন। একজন সৌদি কুটনীতিক এ কথা জানান।
তিনি আরও জানান, সফরে তিন দেশের নেতাদের সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন সৌদি যুবরাজ। এছাড়া, এ সময়ে বিনিয়োগ ও জ্বালানি বিষয়েও চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
এদিকে, তুর্কি প্রেসিডেন্ট তায়িপ রিসিপ এরদোয়ান শুক্রবার এক ঘোষণায় বলেছেন, যুবরাজ ২২ জুন তুর্কিয়ে সফর করবেন।
ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগিকে নৃশংসভাবে হত্যার পর রাজপরিবারের কেউ এ প্রথম তুর্কিয়ে সফর করছেন।
সৌদি কুটনীতিক আরও জানান, যুবরাজ জুলাইয়ের শেষ দিকে গ্রিস, সাইপ্রাস ও আলজেরিয়া সফরে যেতে পারেন। তবে, সৌদি সরকারের পক্ষ থেকে যুবরাজের আসন্ন সফর সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা হয়নি।
