প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য সাহসিকতার কারণেই পদ্মা সেতু এখন আজ আর স্বপ্ন নয় বাস্তব বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু।
রবিবার (১৯ জুন) বিকেলে ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শরীয়তপুরের জাজিরা ডাকবাংলোতে উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও ১২ টি ইউনিয়নের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা বলেন, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে পদ্মা সেতু বাস্তবায়ন করায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ২৫ জুন এই সেতুর উদ্বোধনী অনুষ্ঠান জনতার বাঁধভাঙা জোয়ার সৃষ্টি হবে।
এসময় জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী সিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন আকন, আওয়ামী লীগের সভাপতি জিএম নুরুল হক, সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, জাজিরা পৌরসভার মেয়র ইদ্রিস মাদবর প্রমুখ উপস্থিত ছিলেন।
