র‌্যাবের টি-শার্ট পরে পরিবহনে চাঁদাবাজি, প্রতারক গ্রেফতার

আপডেট : ১৯ জুন ২০২২, ১৯:৪৯

সাভারের আশুলিয়ায় পরিবহনে চাঁদাবাজির সময় এক ভুয়া র‌্যাব সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম রবিউল ইসলাম (৩২)। 

রবিবার (১৯ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে নবীনগর-কালিয়াকৈর মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ডে বিভিন্ন পরিবহন আটকিয়ে চাঁদাবাজির সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এসময় সে র‌্যাবের লোগো যুক্ত একটি পলো শার্ট পরিহিত ছিল।
আটককৃত রবিউল ইসলাম রংপুর জেলার পীরগঞ্জ থানার সিঙ্গারুল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আটক রবিউল আশুলিয়ার গুমাইল বাংলাবাজার এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে আসছিল বলে জানা গেছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে ওই ব্যক্তি সড়কে বিভিন্ন গাড়িতে উঠেন আর নামেন। কিছু কিছু সময় বিভিন্ন গাড়িকে নির্দেশনা দিয়ে চলে যেতে বলেন। দেখে সন্দেহ হলে তাকে ট্রাফিক বক্সে এনে বসিয়ে জিজ্ঞাসাবাদ করে ট্রাফিক পুলিশ। এসময় তার গায়ে র‌্যাবের লোগো যুক্ত পলো শার্ট পরা দেখে কোথায় কর্মরত আছেন এমন প্রশ্নের জবাবে তিনি সঠিক উত্তর দিতে পারেন নি। পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি প্রতারক, র‌্যাবের কোনো সদস্য না। পরে থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ। 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, র‌্যাব পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় রবিউলকে আটক করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। আটককৃত ওই যুবক প্রায় ২-৩ মাস ধরে বাইপাইল এলাকায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি করে করতো। 

ইত্তেফাক/এমএএম