চন্দ্রঘোনায় ডুবে গেছে ঘাটের পাটাতন, বন্ধ হতে পারে ফেরি চলাচল

আপডেট : ১৯ জুন ২০২২, ২১:৪৮

গত কয়েকদিনের অবিরাম ভারী বর্ষণে ডুবে গেছে কাপ্তাই চন্দ্রঘোনা ফেরিঘাটের পাটাতন। রবিবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ফেরিঘাট অংশে গিয়ে দেখা যায় ফেরির পাটাতন ডুবে গেছে। এতে বেশ কিছু সিএনজি পার হতে গিয়ে পাটাতনে আটকে যায়। 

এসময় সিএনজি চালক খোকন মল্লিক, মো. ফরিদ, ইস্কান্দর হোসেন জানান, অতিরিক্ত পানি উঠায় ফেরির পাটাতন ডুবে গেছে। বাড়তি টাকার বিনিময়ে লোকজনের সহায়তায় সিএনজি কোনো রকমে ফেরিতে তুললাম। মোটরসাইকেল আরোহী জয়ন্ত ধর, আবুল হোসেন জানান, পাটাতনে অতিরিক্ত পানির ফলে ফেরিতে উঠতে পারছি না।

এদিকে একই দৃশ্য দেখা যায় ফেরির রাঙ্গুনিয়া উপজেলা অংশে ফেরিঘাট এলাকায়। এই অংশেও ফেরির পাটাতন ডুবে হালকা গাড়ি চলাচলে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে চালক এবং যাত্রীদের। 

বাঙ্গালহালিয়া থেকে আসা কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, গণমাধ্যমকর্মী অর্নব মল্লিক ও সংস্কৃতিকর্মী অনুপম দেব জানান, আজকের মতো অবস্থা অতীতে আর দেখি নাই। আমরা যে সিএনজিতে উঠেছি সেটা ফেরির দুই পাড়ার লোকজনের সহায়তায় বাড়তি টাকা দিয়ে কুলে উঠতে সক্ষম হয়েছে। এর জন্য ঘণ্টার উপর সময় লেগে গেছে। 

ফেরির তত্ত্বাবধায়ক মো. শাহজাহান ও চালক আমিন জানান, অতি বর্ষণের ফলে কর্ণফুলি নদীতে পানি বেড়ে যাওয়া রবিবার বিকেল ৫টা হতে ফেরিঘাটের উভয় পাড়ে পাটাতনে পানি উঠে যায়, ফলে ভারী যানবাহন তীরে উঠতে পারলেও হালকা যানবাহন যেমন সিএনজি ও মোটরসাইকেল তীরে উঠতে বেশ কষ্টকর হয়ে পড়ে। 

তারা জানান, যদি এইভাবে বৃষ্টি অব্যাহত থাকে তাহলে পাটাতনে অতিরিক্ত পানি উঠলে ফেরি চলাচল যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। 

চন্দ্রঘোনা ফেরিঘাট দিয়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি হতে আসা যানবাহন কাপ্তাই-রাজস্থলী এবং বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় যাতায়াত করে থাকে।

ইত্তেফাক/জেডএইচডি